• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪
  • ১৬

---

ইবি রিপোর্ট

সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক চলাচলের জন্য ২০২৯ সালের মাঝামাঝি সময়ে সম্পূর্ণ প্রস্তুত হবে। একথা জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিলেটে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেট নগরীর কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুণগত শিক্ষার প্রসার’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ৬ লেন প্রকল্পের পরিকল্পনা নেওয়া হলেও অগ্রগতি ছিল মাত্র ৭ থেকে ৮ শতাংশ এবং জমি অধিগ্রহণও হয়নি। বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দেওয়ায় ভূমি অধিগ্রহণ (প্রায় ৫৬ শতাংশ) ও ভৌত কাজে (প্রায় ২৭ শতাংশ) গতি এসেছে। সড়কটি চালুর পাশাপাশি দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর সংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের অংশটি ৪ লেনে উন্নীত করা হবে। এর আগে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সড়কটি পরিদর্শনে এসে জানান, ১৩টি প্যাকেজের মধ্যে ৮টির কাজ সন্তোষজনক এবং ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18217 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 07:04:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh