• হোম > জাতীয় | বাংলাদেশ | রাজধানী > আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬
  • ২০

---

 

ইবি রিপোর্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

এ সময় সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব বলেন, সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ সেখানে অবস্থান করছে।

তিনি বলেন, কোনো ধরনের অঘটন যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং শিক্ষার্থীরা বর্তমানে কলেজের ভেতরে অবস্থান করছেন।

ওসি আরও বলেন, বাইরে থেকে কেউ যাতে একে অপরের দিকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সে জন্য পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। সাইন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

তিনি জানান, নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি—এই তিন থানার পুলিশ সদস্যরা সাইন্সল্যাবের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সংঘর্ষ ও উত্তেজনার কারণে সাইন্সল্যাব এলাকায় সাময়িকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়, সে জন্য শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করার বিষয়েও নজর রাখা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18201 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 06:41:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh