• হোম > জাতীয় | দেশজুড়ে > মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩
  • ৪

---

ইবি রিপোর্ট

রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে মধ্যরাতে হামলা, কার্যালয় গুঁড়িয়ে দেওয়া ও লুটপাটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে, ন্যক্কারজনক এই ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মিরপুর ১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা সেন্টারে ভারী যন্ত্রপাতি দিয়ে তাণ্ডব চালানো হয়। রাতের আঁধারে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই সঙ্গে কার্যালয়ের মূল্যবান আসবাব, চিকিৎসা সামগ্রী ও নিয়মিত টিকাদানের জরুরি সরঞ্জাম লুটপাট করা হয় বলে অভিযোগ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে রাজধানীর শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, লুটপাট, প্রাণনাশের হুমকি এবং প্রায় দেড় কোটি টাকার বেশি আর্থিক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের প্রায় ১০ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় সংসদীয় আসনের বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও জমিটি নিয়ে বিরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18191 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 02:16:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh