
ইবি রিপোর্ট
বৈশ্বিক পর্যায়ের নেতা, ভিশনারি ও এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্র্যাকটিশনারদের অংশগ্রহণে ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’-এর প্রথম দিনের আয়োজন শেষ হয়েছে।
তিন দিনব্যাপী ভার্চুয়াল এই এক্সিকিউটিভ সামিটের প্রথম দিনে সাধারণ এআই গ্রহণ থেকে আধুনিক এআই-নেটিভ ট্রান্সফরমেশনে উত্তরণ, এআইয়ের ভবিষ্যৎ, ইআরপি ট্রান্সফরমেশন এবং এজেন্টিক এআই নিয়ে আলোচনা হয়।
প্রথম দিনের আয়োজনে মূল প্রবন্ধ, লাইভ ডেমো ও গোলটেবিল আলোচনায় এন্টারপ্রাইজ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইফোরবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা, সিইও ও এন্টারপ্রাইজ এআই ট্রান্সফরমেশন কোচ মাহমুদুল হাসান। তিনি প্রতিষ্ঠানগুলোতে স্কেলেবল ও এআইভিত্তিক অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় ব্যবসায় এআই ট্রান্সফরমেশনের বিভিন্ন দিক তুলে ধরেন মেটামরফোসিসের প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সাদিক মোহাম্মদ আলম। ১৮ বছরের বেশি অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এআইয়ের সহায়তায় ব্যবসা রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
এন্টারপ্রাইজ এজাইল কোচ ও ট্রান্সফরমেশন কনসালট্যান্ট মামুন মোরশেদ এন্টারপ্রাইজ এজাইলিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস (পিএমও) গভর্ন্যান্স এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে বৈশ্বিক পর্যায়ে তার দুই দশকের অভিজ্ঞতা তুলে ধরেন। এএলডিও গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ ও এয়ারটেলে কাজের অভিজ্ঞতার বিভিন্ন দিকও আলোচনায় আসে।
যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘এআই স্ট্র্যাটেজি অ্যান্ড রেসপনসিবল এআই গভর্ন্যান্স ফর এন্টারপ্রাইজেস’ বিষয়ে আলোচনা করেন সারা করনেট। ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ও ঝুঁকিসংবেদনশীল পরিবেশে কাজের অভিজ্ঞতার আলোকে তিনি এআই গভর্ন্যান্স এবং ট্রান্সফরমেশন রোডম্যাপ তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘সি-লেভেল থিংকিং অ্যাবাউট দ্য এআই-নেটিভ অর্গানাইজেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনা। এতে এআইমুখী অভিযাত্রায় ব্যবসায়িক নেতাদের কৌশল, জনবল, কার্যক্রম, প্রযুক্তি ও পরিচালনব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা উঠে আসে।
আলোচনা শেষে ট্রান্সফরমেটিভ লিডারশিপ নিয়ে বক্তব্য দেন জন ম্যাক্সওয়েল সার্টিফায়েড কোচ ও ট্রেইনার এবং থ্যাংকস-কার্বন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. পিটার কে. ইউন।
সমাপনী বক্তব্যে সামিটের দুই সহউপস্থাপক সাদিক মোহাম্মদ আলম ও মাহমুদুল হাসান বলেন, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শুধু এআই টুল ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। এআই-নেটিভ প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কৌশল, নেতৃত্ব, জনবল, প্রযুক্তি ও পরিচালনব্যবস্থায় সমন্বিত পরিবর্তন প্রয়োজন।