• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > চিকিৎসকদের নিয়োগে ৫১তম বিশেষ বিসিএস, ৫২তম নিয়ে প্রস্তুতি

চিকিৎসকদের নিয়োগে ৫১তম বিশেষ বিসিএস, ৫২তম নিয়ে প্রস্তুতি

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯
  • ১১

---

ইবি রিপোর্ট

এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে আগামী বিসিএসটি সাধারণ নাকি বিশেষ হবে, তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। তবে ৫১তম বিসিএস সাধারণ নয়, এটি চিকিৎসকদের নিয়োগের জন্য বিশেষ বিসিএস।

পিএসসি সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালগুলোতে চলমান চিকিৎসক সংকট মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে পাঠানো হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, চিঠি পাওয়ার পর কমিশন দ্রুত দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করে। প্রয়োজনীয় বোর্ড মিটিং ও পর্যালোচনার কাজও শেষ করা হয়। সাধারণ বিসিএসের প্রজ্ঞাপন তৈরির আগেই বিশেষ বিসিএসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যায়। নিয়ম অনুযায়ী তাই এই বিশেষ বিসিএসকে ৫১তম বিসিএস হিসেবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল অফিসার পদে নিয়োগ পাবেন। আর ৩০০ জন নিয়োগ পাবেন ডেন্টাল সার্জন পদে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেই নীতিগত নির্দেশনার আলোকে চিকিৎসকদের বিশেষ বিসিএস দ্রুত চূড়ান্ত করেছে পিএসসি।

পিএসসি সূত্র বলছে, এই বিশেষ বিসিএসে দীর্ঘ ও জটিল লিখিত পরীক্ষার প্রক্রিয়া থাকছে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দ্রুত ফল প্রকাশের মাধ্যমে ৫ হাজার চিকিৎসককে সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে।

৫২তম সাধারণ বিসিএস কবে?

৫১তম বিসিএস বিশেষ হিসেবে প্রকাশিত হওয়ায় সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের নজর এখন ৫২তম বিসিএসের দিকে। পিএসসির পূর্বঘোষিত বিসিএস ক্যালেন্ডার বা রোডম্যাপ অনুযায়ী, চলতি ২০২৬ সালের নভেম্বরেই নতুন সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এদিকে বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের মৌখিক পরীক্ষা চলছে। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর অথবা এর সঙ্গে সামঞ্জস্য রেখে পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরেই ৫২তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে। ফলে চিকিৎসকদের জন্য ৫১তম বিশেষ বিসিএসের প্রক্রিয়ার পাশাপাশি সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের জন্য এখন অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18165 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 02:54:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh