• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা

চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫১
  • ১১

---

ইবি রিপোর্ট

বন্ধের প্রক্রিয়ায় থাকা চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি স্কিম তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ব্যক্তি আমানতকারীদের মূল টাকার সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর বেশি অর্থ জমা থাকলে নির্ধারিত হারে কেটে বাকি অর্থ ফেরত দেওয়া হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

সভা সূত্রে জানা গেছে, চারটি প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ৫০ লাখ টাকা পর্যন্ত মূল অর্থ ফেরত পাবেন। তবে এর বেশি অর্থ যাদের জমা রয়েছে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট হারে অর্থ কেটে ফেরত দেওয়া হবে।

কোনো আমানতকারীর ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত আমানত থাকলে তিনি সর্বোচ্চ ৮০ লাখ টাকা ফেরত পাবেন।

১ কোটি থেকে দেড় কোটি টাকা পর্যন্ত আমানত থাকলে প্রথম ১ কোটি টাকার জন্য ৮০ লাখ টাকা ফেরত দেওয়া হবে। এর অতিরিক্ত অংশের ৫০ শতাংশ ফেরত পাবেন আমানতকারী। যেমন, কারও আমানত ১ কোটি ২০ লাখ টাকা হলে তিনি প্রথম ১ কোটি টাকার বিপরীতে ৮০ লাখ টাকা এবং অতিরিক্ত ২০ লাখ টাকার ৫০ শতাংশ হিসেবে ১০ লাখ টাকা পাবেন। অর্থাৎ মোট ফেরত পাবেন ৯০ লাখ টাকা।

দেড় কোটি থেকে ২ কোটি টাকা পর্যন্ত আমানত থাকলে প্রথম দেড় কোটি টাকার জন্য ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দেওয়া হবে। এর অতিরিক্ত অংশের ৪০ শতাংশ ফেরত পাবেন আমানতকারী।

উদাহরণ হিসেবে, কারও আমানত ১ কোটি ৮০ লাখ টাকা হলে প্রথম দেড় কোটি টাকার বিপরীতে তিনি পাবেন ১ কোটি ৫ লাখ টাকা। অতিরিক্ত ৩০ লাখ টাকার ৪০ শতাংশ হিসেবে পাবেন আরও ১২ লাখ টাকা। সব মিলিয়ে ওই আমানতকারী ১ কোটি ১৭ লাখ টাকা ফেরত পাবেন।

আর কোনো আমানতকারীর ২ কোটি টাকা বা তার বেশি আমানত থাকলে প্রথম ২ কোটি টাকার জন্য ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দেওয়া হবে। এর অতিরিক্ত অংশের ৩০ শতাংশ ফেরত পাবেন তিনি।

যেমন, কারও আমানত ৩ কোটি টাকা হলে প্রথম ২ কোটি টাকার বিপরীতে তিনি পাবেন ১ কোটি ২৫ লাখ টাকা। বাকি ১ কোটি টাকার ৩০ শতাংশ হিসেবে পাবেন আরও ৩০ লাখ টাকা। ফলে মোট ১ কোটি ৫৫ লাখ টাকা ফেরত পাবেন ওই আমানতকারী।

বন্ধের প্রক্রিয়ায় থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠান হলো—আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং।

গত ৯ আগস্ট এই চার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা এমডি পদও শূন্য ঘোষণা করা হয়। পরে চারটি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

প্রশাসকদের সহায়তার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আরও দুজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বন্ধের প্রক্রিয়ায় থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। এ কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

চারটি প্রতিষ্ঠানে মোট আমানতের পরিমাণ ১২ হাজার ৪৮৩ কোটি টাকা। এর মধ্যে আভিভা ফাইন্যান্সে ৫ হাজার ৩৬৮ কোটি টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৩ হাজার ১২ কোটি টাকা, এফএএস ফাইন্যান্সে ১ হাজার ২৪৬ কোটি টাকা এবং ফারইস্ট ফাইন্যান্সে ৪৪৯ কোটি টাকা আমানত রয়েছে।

এর আগে গত বছরের মে মাসে গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ ২০টি এনবিএফআইয়ের নিবন্ধন সনদ বা লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তখন কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়।

পরে ওই ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম ধাপে নয়টি প্রতিষ্ঠানকে বন্ধের জন্য বেছে নেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে চূড়ান্ত সিদ্ধান্তে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হয়। পিপলস লিজিংকে ঘিরে মামলা-সংক্রান্ত জটিলতা থাকায় প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্য চারটি প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি করতে না পারলে প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেওয়া হবে।

ঘুরে দাঁড়ানোর জন্য সময় পাওয়া চারটি প্রতিষ্ঠান হলো—প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18135 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 06:14:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh