
ইবি রিপোর্ট
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিদের জাসদ কার্যালয় থেকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বহিরাগত অনেকের অবস্থানের তথ্য পাওয়া যায়। একই সঙ্গে সেখানে একটি বৈঠক চলছিল বলেও জানান তিনি।
এসব বিষয়কে কেন্দ্র করে সন্দেহের ভিত্তিতে ডিএমপির ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান ডিসি আকতার হোসেন।
তিনি বলেন, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান তখনও চলমান ছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হবে। এরপর পরিস্থিতি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় জাসদের প্রধান কার্যালয়ে পুলিশের অভিযান ও অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।