
ইবি রিপোর্ট
দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশের ৬৪ জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাধ্যমে দেশের ৬৪ জেলায় তরুণদের এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশব্যাপী এআই প্রশিক্ষণের জন্য মোট ১ লাখ ৩ হাজার ৯৯৬টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১ লাখ ২ হাজার ৯২৮টি আবেদন গ্রহণ করা হয়।
এই আবেদনকারীদের মধ্য থেকেই লিখিত পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হচ্ছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেশের ৬৪ জেলা থেকে প্রতি জেলায় ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচনের কথা রয়েছে।
আবেদনকারীর সংখ্যা বিবেচনায় প্রতি আসনের বিপরীতে গড়ে ৬৪ জনের বেশি প্রার্থী প্রতিযোগিতা করছেন। তবে সবচেয়ে বেশি প্রতিযোগিতা রাজধানী ঢাকায়। ঢাকা জেলার ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭ হাজার ৫৫২ জন।
লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান এবং ঢাকা জেলার উপপরিচালক এ কে এম শাহরিয়ার।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম পরবর্তী ধাপের সময়সূচি জানান।
তিনি বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরপর ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থীকে নিয়ে আগামী ১ অক্টোবর থেকে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন জানান, দুই বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় মোট ১১ হাজার ২০০ জন তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে ৯ হাজার ৬০০ জনকে মৌলিক পর্যায়ের এবং ১ হাজার ৬০০ জনকে অ্যাডভান্সড বা উন্নত পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমকে কয়েকটি ব্যাচে ভাগ করে পরিচালনা করা হবে। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতিটি প্রশিক্ষণের মেয়াদ হবে দুই মাস। এ সময়ে মোট ৫০টি ক্লাস অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য ৩০০ ঘণ্টার পাঠদানের ব্যবস্থা থাকবে।
প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণদের এআই প্রযুক্তির মৌলিক জ্ঞান থেকে শুরু করে উন্নত পর্যায়ের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি ভবিষ্যতের কর্মবাজারে তরুণদের প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।
দেশের ৬৪ জেলায় একযোগে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগকে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের একটি বড় কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। প্রথম ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন শেষে পর্যায়ক্রমে প্রকল্পের পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।