• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে | প্রধানমন্ত্রী > তরুণ উদ্যোক্তাদের জন্য ৫ কোটি ডলারের স্টার্টআপ তহবিল ঘোষণা

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫ কোটি ডলারের স্টার্টআপ তহবিল ঘোষণা

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১
  • ৮৯

---

ইবি রিপোর্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের জন্য ৫ কোটি ডলারের স্টার্টআপ তহবিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। এর লক্ষ্য তরুণদের স্টার্টআপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করা এবং কর্মসংস্থান বাড়ানো।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে বিশ্ব।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের বড় তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতেও সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানান তিনি। পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান তৈরি এবং বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতির সুফল উন্নয়নশীল দেশগুলোর কাছেও পৌঁছাতে হবে। বর্তমানের ডিজিটাল বৈষম্য যেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈষম্যে পরিণত না হয়, সেদিকেও নজর দিতে হবে।

এ জন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে কার্যকর নীতিমালা গ্রহণের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18056 ,   Print Date & Time: Sunday, 15 November 2026, 11:32:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh