• হোম > অর্থনীতি | বাংলাদেশ > দেশে পাঁচ ডিজিটাল ব্যাংক স্থাপনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

দেশে পাঁচ ডিজিটাল ব্যাংক স্থাপনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩
  • ৩৪

---

 

ইবি রিপোর্ট

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

প্রাথমিকভাবে এলওআই পাওয়ার সিদ্ধান্ত হওয়া পাঁচ ডিজিটাল ব্যাংক হলো—কড়ি, ডিকে লিমিটেড, বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট ডিজিটাল ব্যাংক (আজিয়াটা) এবং নোভা ডিজিটাল ব্যাংক (ভিওন ও স্কয়ার)।

বাংলাদেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান এর আগে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে। মোট ১২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছিল।

আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বিকাশ ডিজিটাল ব্যাংক, ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন স্থগিত করা হয়।

পরবর্তী সময়ে কড়ি ডিজিটাল ব্যাংককে নতুন করে লেটার অব ইনটেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগের অনুমোদন স্থগিত হওয়ার পর কড়ি আবারও ডিজিটাল ব্যাংক হিসেবে কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ পেল।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18050 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 03:10:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh