• হোম > জাতীয় | দেশজুড়ে > নির্ধারিত ভাড়ার বাইরে বাসে বাড়তি নেওয়া হচ্ছে ৫ থেকে ১০ টাকা

নির্ধারিত ভাড়ার বাইরে বাসে বাড়তি নেওয়া হচ্ছে ৫ থেকে ১০ টাকা

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১
  • ৭০

---

ইবি রিপোর্ট

জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকার বাসভাড়া সমন্বয় করলেও রাজধানীতে শুরু হয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। বিভিন্ন পথে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের চালকের সহকারীদের বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। এতে কাগজে-কলমে ভাড়া বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭২ শতাংশ। তবে বাস্তবে কয়েকটি পথে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে।

এর ফলে কোনো কোনো যাত্রাপথে প্রকৃত ভাড়া বৃদ্ধির হার ২৫ থেকে ৩৩ দশমিক ৩৩ শতাংশ পর্যন্ত দাঁড়াচ্ছে। গত রোববার দেশে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এরপর মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাসভাড়া বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে তার আগের দিন থেকেই রাজধানীর বিভিন্ন পথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়।

বুধবার রাজধানীর কয়েকটি পথে সরেজমিনে বাড়তি ভাড়া নেওয়ার চিত্র দেখা যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে রমজান পরিবহনে গুলিস্তান জিরো পয়েন্টে যাওয়ার ভাড়া নেওয়া হয় ২৫ টাকা।

প্রায় ৬ কিলোমিটারের এই পথে আগে ভাড়া ছিল ২০ টাকা। নতুন ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের চালকের সহকারীর বাগ্‌বিতণ্ডাও হয়। অনেক যাত্রী ২০ টাকার বেশি দিতে রাজি ছিলেন না।

রমজান পরিবহনের ওই বাসের চালকের সহকারী জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পর বিভিন্ন দূরত্বে ভাড়া ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘তেলের পাশাপাশি বাজারে সবকিছুর যে অতিরিক্ত দাম, তাতে আমাদের মতো মানুষের টিকে থাকাই কঠিন। আমাদের তা–ও কাজ আছে, কষ্ট করে কোনোরকমে পেট চালাইতে পারতেছি। অনেকের তো কাজও নেই, তাদের অবস্থা তো ভয়াবহ।’

এদিকে ভাটারার নতুনবাজার থেকে ভিক্টর পরিবহনের বাসে গুলিস্তানে আসা সিরাজুল ইসলাম জানান, আগে এই পথে ৩০ টাকা ভাড়া নেওয়া হতো। কিন্তু বুধবার তাঁর কাছ থেকে ৪০ টাকা নেওয়া হয়েছে।

পল্টন মোড় থেকে কারওয়ান বাজার যাওয়ার সময় ওয়েলকাম পরিবহনেও বাড়তি ভাড়া নেওয়ার চিত্র দেখা যায়। সাধারণত ১০ টাকা ভাড়ার এই পথে চালকের সহকারী ১৫ টাকা দাবি করেন। এ নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।

কারওয়ান বাজারে জাহানারা বেগম নামের এক যাত্রী বলেন, ‘আজ (গতকাল) অনেক বাসে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।’

একাধিক যাত্রী জানান, মৌমিতা ও ঠিকানা পরিবহনেও বিভিন্ন গন্তব্যে বাড়তি ৫ থেকে ১০ টাকা নেওয়া হচ্ছে। মৌমিতা পরিবহনের বাস চাষাঢ়া থেকে চন্দ্রা এবং ঠিকানা পরিবহনের বাস সাইনবোর্ড থেকে চন্দ্রা পর্যন্ত চলাচল করে।

বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, ‘আমাদের স্পষ্ট বক্তব্য, সরকার–নির্ধারিত ভাড়ার চেয়ে এক পয়সাও বেশি নেওয়া যাবে না। আমরা ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্নভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বিআরটিএর হিসাবে ঢাকায় অনুমোদিত বাসের সংখ্যা প্রায় সাত হাজার। এসব বাস প্রায় ৩০০টি কোম্পানির অধীনে চলে। মালিকের সংখ্যা অন্তত চার হাজার।

পরিবহন খাতসংশ্লিষ্টরা বলছেন, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন ধরনের চুক্তির কারণে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ তৈরি হয়। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিও শ্রমিকদের জীবনযাত্রায় চাপ তৈরি করে।

সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, বাস ভাড়া করে চালানোর বিষয়টি ব্যক্তিপর্যায়ে হয়ে থাকে। এ ক্ষেত্রে সমিতির কোনো হাত নেই। শ্রমিকদের কল্যাণ তহবিল ব্যবস্থাপনায় নতুন আইন হয়েছে এবং সবাইকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘সরকার যদি যাত্রীবাহী বাসের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর বাসের ভেতরে দৃশ্যমান জায়গায় টাঙানোর ব্যবস্থা করতে পারে, পাশাপাশি ভাড়ার তালিকা টাঙানো থাকে, তাহলে সাধারণ যাত্রীরা সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করতে পারবেন। এভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা সম্ভব হবে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18046 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 03:33:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh