• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ১০ হাজার টন ডালসহ ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

১০ হাজার টন ডালসহ ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৯
  • ১১

---

ইবি রিপোর্ট

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বিপুল পরিমাণ সার ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। পৃথক প্রস্তাবের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার কেনা হবে। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এসব ক্রয় ও আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ৫০ কেজি ওজনের বস্তায় মসুর ডাল কেনা হবে। মোট ১০ হাজার মেট্রিক টন ডাল সরবরাহের জন্য খুলনার ফুলতলার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’কে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

কর ও ভ্যাটসহ ডাল কেনায় সরকারের মোট ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। এতে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ দশমিক ৮৯ টাকা।

অন্যদিকে, সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় চারটি লটে মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) চুক্তির আওতায় দুই লটে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে।

প্রতিটি লটে এমওপি সারের পরিমাণ থাকবে ৪০ হাজার মেট্রিক টন। প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার দরে এই সার কেনা হবে। দুই লটে ৮০ হাজার টন এমওপি সার কিনতে সরকারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৭৯ কোটি ৩৪ লাখ টাকা।

একই চুক্তিমূল্যে রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন’ (প্রডিনটর্গ) থেকে আরও ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এই সার কেনায় সরকারের ব্যয় হবে প্রায় ১৬৫ কোটি ৯০ লাখ টাকা।

এ ছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মাআদেন’-এর সঙ্গে চুক্তির আওতায় ডিএপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার দরে প্রতিষ্ঠানটির কাছ থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে।

সৌদি আরব থেকে এই ডিএপি সার কেনায় মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা। এর মাধ্যমে জিটুজি চুক্তির আওতায় বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে এমওপি ও ডিএপি সার সংগ্রহ করবে সরকার।

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৬তম সভায় সার ও ডাল কেনার সবকটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় প্রস্তাবগুলো পর্যালোচনার পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এসব ক্রয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে প্রয়োজনীয় ডাল ও সার সংগ্রহ করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18000 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 10:28:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh