• হোম > জাতীয় | দেশজুড়ে > কালিয়াকৈরে দুটি কলোনিতে আগুন, পুড়ল ২৩টি বসতঘর ও ৫ দোকান

কালিয়াকৈরে দুটি কলোনিতে আগুন, পুড়ল ২৩টি বসতঘর ও ৫ দোকান

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭
  • ৯

---

ইবি রিপোর্ট

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি বসতঘর এবং ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিণহাটি এলাকার একটি কলোনির ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে পার্শ্ববর্তী আরেকটি কলোনি এবং সামনের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান এবং পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের প্রায় দেড় ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দুই কলোনির ২৩টি কক্ষ ও ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17990 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 09:32:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh