• হোম > জাতীয় | দেশজুড়ে > মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৪
  • ৮

---

ইবি রিপোর্ট

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল এবং গাড়ির চালক ও আরোহীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে জীবনের ঝুঁকি এড়াতে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।=

পুলিশের দেওয়া নির্দেশনায় জানানো হয়, মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে চালক ও আরোহী—উভয়েরই মানসম্মত হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই চালকসহ দুজনের বেশি মোটরসাইকেলে চড়া যাবে না। এছাড়া চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা এবং অপ্রয়োজনে হাইড্রোলিক বা উচ্চশব্দের হর্ন বাজানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভারী যানবাহনের চলাচলের গতিপ্রকৃতি সম্পর্কে সচেতন থাকার তাগিদ দিয়েছে পুলিশ, যেন ব্লাইন্ড স্পটের কারণে দুর্ঘটনা না ঘটে। যেকোনো টার্ন বা মোড় নেওয়ার ক্ষেত্রে এবং লেন পরিবর্তনের আগে যথাসময়ে ইন্ডিকেটর লাইট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ঝড়-বৃষ্টি কিংবা কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়ায় যানবাহনের গতি সীমিত রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।

পুলিশ আরও জোর দিয়ে জানিয়েছে, যানজট কিংবা অন্য চালকদের ভুলে ধৈর্যহারা হয়ে মেজাজ হারানো যাবে না। মাদকাসক্ত বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এবং উল্টো পথে কোনোভাবেই গাড়ি চালানো চলবে না। মহাসড়কে বিপজ্জনক ওভারটেকিং এড়িয়ে নিজস্ব লেনে থাকা এবং যানবাহনের সব ধরনের হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17988 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 09:32:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh