• হোম > খেলা | ফুটবল > মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুই চোটের ধাক্কা

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুই চোটের ধাক্কা

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩
  • ৯

---

 

ইবি রিপোর্ট

ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে লিওনেল স্ক্যালোনির দল।

তবে এই সিরিজের শেষ ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে।

এরই মধ্যে স্কোয়াডে চোটের ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। নতুন করে দল থেকে ছিটকে গেছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ।

উরাকানের বিপক্ষে ম্যাচে মাত্র পাঁচ মিনিট খেলার পর চোট পেয়ে মাঠ ছাড়েন রিভার প্লেটের মিডফিল্ডার আলমাদা। পরবর্তী পরীক্ষায় তার উরুর পেশিতে ‘গ্রেড-১’ মাত্রার চিড় ধরা পড়ে। ফলে আসন্ন তিন প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না।

একই ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও তোবিয়াস আনদ্রাদার কোনো পেশির চোট ধরা পড়েনি। বড় ধরনের চোট থেকে বেঁচে যাওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়েছে।

অন্যদিকে, পেশির অস্বস্তি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় লা লিগায় ভিয়ারিয়ালের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে খেলতে পারেননি ডিফেন্ডার হুয়ান ফয়েথ। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় তাকেও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

আর্জেন্টিনা জাতীয় দল তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, চোটের কারণে আসন্ন তিনটি প্রীতি ম্যাচ থেকে হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদা ছিটকে গেছেন।

তবে তাদের পরিবর্তে এখনো নতুন কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি। এর কয়েক দিন আগে প্রাথমিক স্কোয়াডে একি ফার্নান্দেস, সান্তিয়াগো সিমোন ও ভ্যালেন্তিন গোমেসকে যুক্ত করা হয়েছিল।

স্কোয়াড থেকে বাদ পড়লেও মেসির বিদায়ী ম্যাচে ফয়েথ ও আলমাদা উপস্থিত থাকবেন। কারণ দুজনই ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন। মেসির বিশেষ এই ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে উপস্থিত রাখার পরিকল্পনা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17982 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 08:32:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh