
ইবি রিপোর্ট
রোহিঙ্গা সংকট নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার নিউইয়র্ক স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকের মূল লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখা, সংকটের মূল কারণগুলো চিহ্নিত করা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
এর আগে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এ জন্য আরও কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।
বৈঠকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিজ দেশে ফেরার জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার ওপর জোর দিয়েছেন।
এদিকে ২৩ সেপ্টেম্বরের এই উচ্চ পর্যায়ের আয়োজনটি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহি এবং মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন জোরদারের বিষয়গুলোকে সামনে আনছে।