
ইবি রিপোর্ট
দীর্ঘমেয়াদি সরকার-টু-সরকার চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করে।
কমিটির কাছে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত দুই কার্গো এলএনজি আগামী ৬ ও ২২ নভেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে। সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।
প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম নির্ধারিত মূল্যের চেয়ে শূন্য দশমিক ০২ ডলার কম নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত দামের তুলনায় এ দাম ভিন্ন।
দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং এলএনজির সরবরাহ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে অতিরিক্ত এই দুই কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।