
ইবি রিপোর্ট
সরকারি কেনাকাটার দরপত্রে দীর্ঘদিন অংশ নেওয়ার সুযোগ না পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নতুন করে অংশগ্রহণের সুযোগ দিয়েছে সরকার। একই সঙ্গে নতুন, ক্ষুদ্র ও নারী দরপত্রদাতাদের জন্য কিছু যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে প্রচলিত সব ধাপ অনুসরণ না করেও কেনাকাটার সুযোগ রাখা হয়েছে সংশোধিত বিধানে।
‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এ এসব পরিবর্তন আনা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, ‘সুযোগবঞ্চিত ব্যক্তি’ বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে, যাঁদের বৈধ নিবন্ধন বা লাইসেন্স ছিল। তবে অধ্যাদেশ কার্যকর হওয়ার আগের ২০ বছরে প্রয়োজনীয় সুযোগ বা অনুকূল পরিবেশের অভাবে তাঁরা কোনো সরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি অথবা অংশ নেননি।
গত রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সংশোধনটি অনুমোদিত হয়। এর এক দিন পর সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংশোধিত অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি করে।
সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, কোনো কাজের জন্য প্রয়োজন না থাকলে দরপত্রে দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতার শর্ত দেওয়া যাবে না। নতুন নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের অংশগ্রহণ অপ্রয়োজনীয় শর্ত দিয়ে সীমিত করা যাবে না। নির্দিষ্ট পরিমাণ টার্নওভার বা আগের সরকারি কাজের অভিজ্ঞতাকেও সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা যাবে না। তবে কাজের ধরন, জটিলতা ও ঝুঁকি অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সক্ষমতার শর্ত রাখা যাবে।
বিদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণেও নতুন শর্ত যুক্ত হয়েছে। কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে চাইলে বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে। বিশেষ ক্ষেত্রে সরকার এই শর্ত শিথিল করতে পারবে। যৌথ উদ্যোগে দেশীয় অংশীদারের ন্যূনতম অংশীদারত্ব কত হবে, তা বিধির মাধ্যমে নির্ধারণ করা হবে।
সরকারি কেনাকাটায় দেশীয়ভাবে উৎপাদিত বা প্রস্তুত করা পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিধানও রাখা হয়েছে। এর উদ্দেশ্য হিসেবে দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির কথা বলা হয়েছে।
জাতীয় নিরাপত্তা, জনস্বার্থ বা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থে জরুরি পরিস্থিতি তৈরি হলে বিকল্প সরকারি ক্রয়ব্যবস্থার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রচলিত সরকারি ক্রয়পদ্ধতির সব ধাপ অনুসরণ না করেও কেনাকাটা করা যাবে। সরাসরি কেনাকাটা এবং একক উৎসভিত্তিক কেনাকাটার ব্যবস্থাও এর আওতায় থাকবে। সংকটের সময়ে দীর্ঘ দরপত্র প্রক্রিয়ার কারণে প্রয়োজনীয় পণ্য বা সেবা পেতে দেরি কমানোই এর উদ্দেশ্য।
উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রেও কয়েকটি বিষয় নির্দিষ্ট করা হয়েছে। প্রাক্-যোগ্যতা, সমান প্রতিযোগিতা, বিজ্ঞাপন এবং দরপত্র জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার বিধান রাখা হয়েছে। কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে মূল্যায়নের সুযোগ থাকবে। নির্ধারিত মানদণ্ডে নম্বর দিয়েও দরপত্র মূল্যায়ন করা যাবে।
এ ক্ষেত্রে শুধু দর নয়, কাজের মান, কারিগরি সক্ষমতা, টেকসই বৈশিষ্ট্য ও অন্যান্য নির্ধারিত বিষয় বিবেচনায় নেওয়া যাবে। চুক্তি স্বাক্ষরের পর অন্য দরদাতাদের ফল জানানোও বাধ্যতামূলক করা হয়েছে। কাজ পাওয়া দরদাতার মালিকানা ও চুক্তিসংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে।
সীমিত দরপত্র বা এলটিএম ব্যবহারের ক্ষেত্রও নির্ধারণ করা হয়েছে। বিশেষায়িত পণ্য বা সেবা, সীমিতসংখ্যক সরবরাহকারী থাকা পণ্য, জরুরি প্রয়োজন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা যাবে। এতে নতুন, ক্ষুদ্র ও নারী দরপত্রদাতাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
এলটিএমে সর্বনিম্ন দর সমান হলে আগে ৩ কোটি টাকা পর্যন্ত কাজে লটারির সুযোগ ছিল। সংশোধিত বিধানে এই নির্দিষ্ট সীমা বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এখন সর্বনিম্ন মূল্যায়িত দরদাতার সঙ্গে দর-কষাকষির সুযোগ থাকবে। তবে দর কমানোর জন্য দর-কষাকষি করা যাবে না।
দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, চক্রান্ত, জবরদস্তি, প্রতিবন্ধকতা, চুক্তির কাজ সম্পাদনে ব্যর্থতা বা গুরুতর অসদাচরণের অভিযোগের ক্ষেত্রেও নতুন বিধান রাখা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আগে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিতে হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রতিবছর আড়াই লাখ কোটি টাকার বেশি সরকারি কেনাকাটা হয়। ২০২৫ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক প্রতিবেদনে বিভিন্ন মন্ত্রণালয়ে ঠিকাদারদের মধ্যে অসম প্রতিযোগিতার প্রবণতার কথা জানিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, শীর্ষ ৫ শতাংশ ঠিকাদার মোট প্রকল্প মূল্যের ৬১ শতাংশ নিয়ন্ত্রণ করে। আর ১০ শতাংশ ঠিকাদারের দখলে রয়েছে ১ শতাংশের কম বাজার।
টিআইবির গবেষণায় আরও উঠে এসেছে, শীর্ষ ঠিকাদারেরা যৌথভাবে বড় প্রকল্প নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে শীর্ষ ঠিকাদারদের আধিপত্যেও পরিবর্তন আসে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘ সময় এক শ্রেণির ঠিকাদার সুযোগবঞ্চিত ছিলেন। সে বাস্তবতায় তাঁদের ব্যবসায় ফিরে আসার যৌক্তিকতা থাকতে পারে। তবে উন্মুক্ত প্রতিযোগিতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, সরকার যদি শুধু সুযোগের হাতবদল ঘটায় এবং প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে না পারে, তাহলে দেশের মানুষের লাভ হবে না।
সরকারি কেনাকাটায় নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন ইফতেখারুজ্জামান।