
ইবি রিপোর্ট
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়িয়ে দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর ব্যবহারের বিস্তার এবং আন্তসীমান্ত ডিজিটাল পেমেন্টে ভারতের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। গভর্নর বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।
বৈঠকে ভারতীয় হাইকমিশনার বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্ব দেন। এর জবাবে গভর্নর জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কয়েকটি বিনিয়োগবান্ধব নীতিগত উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে ফেরত নিতে পারবেন বলে জানান তিনি।
মো. মোস্তাকুর রহমান প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে ভারতের বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের আর্থিক সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে ডিজিটাল পেমেন্ট ও বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় এসেছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও সরোয়ার হোসেন এবং ভারতের ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে ও দ্বিতীয় সচিব (অর্থনীতি ও বাণিজ্য) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন।