• হোম > জাতীয় > তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে ওয়াশিংটন ডিসি বিএনপি

তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে ওয়াশিংটন ডিসি বিএনপি

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৩
  • ১১

---

ইবি রিপোর্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থান করছেন ওয়াশিংটন ডিসি বিএনপির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত শনিবার ওয়াশিংটন ডিসিতে প্রস্তুতিসভা করেন দলটির নেতারা। সভায় নিউইয়র্কে অবস্থান করে স্বাগত কর্মসূচিতে অংশ নেওয়া এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রস্তুতিসভায় তিনি বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আসছেন জেনে আমরা খুবই উৎফুল্ল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সম্মেলনে আসছেন। এটা এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমাদের নেতাকর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন। তিনি যত দিন নিউইয়র্কে থাকবেন, আমরাও সেখানে অবস্থান করব।’

প্রস্তুতিসভায় অন্য নেতারাও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে থাকার কথা জানান। তারা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে লড়াই করেছেন। তিনি নিউইয়র্কে আসছেন।’

তাদের ভাষ্য, ‘আমরা খুবই খুশি। ওয়াশিংটন ডিসি বিএনপির সবাই আমরা নিউইয়র্কে থাকব।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

ওয়াশিংটন ডিসি বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী এম রহমানের সভাপতিত্বে প্রস্তুতিসভায় বক্তব্য দেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। বক্তব্য দেন সহ-সভাপতি মজনু মিয়া, জাহিদ খান, মোশাররফ হোসেন ও মোখলেসুর রহমান।

এ ছাড়া ওয়াশিংটন ডিসি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান ও জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রেজওয়ান আনসারী পল্লব, কোষাধ্যক্ষ নূর হোসেন বাহাদুর এবং মানবাধিকার সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া বক্তব্য দেন।

সভায় দলের নির্বাহী সদস্য তৌফিকুল ইসলাম, আনসার আহমেদ, রেজাউল করিম, আলী হায়দার, বাকির আহমেদ, তালহা রহমান ও মোহাম্মদ শফিক মোল্লা উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি নেতা নেসার আহমেদ ও আনোয়ার মাহমুদসহ আরও নেতাকর্মীও সেখানে ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিএনপির নেতাকর্মীরা নিউইয়র্কে পৌঁছেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17830 ,   Print Date & Time: Monday, 21 September 2026, 12:29:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh