
ইবি রিপোর্ট
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে সোমবার থেকে। তবে রাজধানীর গণপরিবহনে এর প্রভাব এখনো দেখা যায়নি। বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকার বাসযাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। শ্রমিকরা বলছেন, নতুন ভাড়ার চার্ট হাতে না আসায় আপাতত আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করছেন তারা।
মোহাম্মদপুর থেকে সাইনবোর্ড রুটে চলাচলকারী রজনীগন্ধা বাসের যাত্রী আল-আমিন মিরাজ বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে শুনে আজ বাসে বাড়তি ভাড়া চাইতে পারে ভেবেছিলাম। কিন্তু সুপারভাইজার আগের ভাড়াই নিয়েছেন। নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত এভাবে চললেও যাত্রীদের জন্য ভালো।
মোহাম্মদপুর থেকে বনশ্রী রুটে চলাচলকারী রমজান বাসের যাত্রী শিক্ষার্থী সাকিল সিকদারও আগের ভাড়া নেওয়ার কথা জানান। তিনি বলেন, যাতায়াত খরচ বাড়লে শিক্ষার্থীদের ওপর চাপ পড়ে। আজ আগের ভাড়াই নিয়েছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া বাড়লে যাতায়াত খরচও বাড়বে। সেটা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ হবে।
বসিলা থেকে ডেমরা রুটে চলাচলকারী মিডলাইন বাসের যাত্রী সাবরিনা আক্তার বলেন, আজ আগের ভাড়াই নেওয়া হচ্ছে। তবে ভাড়া বাড়ালে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য ঢাকায় থাকা কঠিন হয়ে যাবে।
মিডলাইন বাসের সুপারভাইজার এহসান হক বলেন, মালিক পক্ষ থেকে এখনো নতুন কোনো ভাড়ার চার্ট দেওয়া হয়নি। তাই আগের ভাড়াই নিচ্ছি। চার্ট ছাড়া বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা আপত্তি করেন। নতুন ভাড়া নির্ধারণ হলে মালিক পক্ষ যেভাবে নির্দেশ দেবেন, সেভাবেই ভাড়া নেওয়া হবে।
মালঞ্চ পরিবহনের সুপারভাইজার আমির হোসেন বলেন, নতুন ভাড়ার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়ার পরই যাত্রীদের কাছে বাড়তি ভাড়া চাইব। আমরাও চাই, ভাড়ার চার্ট থাকুক। তাহলে যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হবে না। এখন পর্যন্ত আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
এর আগে রবিবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন নির্ধারিত মূল্যে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। তবে দাম বৃদ্ধির প্রথম দিন রাজধানীর যাত্রীবাহী বাসে এর তাৎক্ষণিক প্রভাব দেখা যায়নি।
নতুন ভাড়া নির্ধারণ ও সংশ্লিষ্ট নির্দেশনা না আসায় সকাল পর্যন্ত অধিকাংশ বাসেই আগের ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা গেছে। ফলে জ্বালানি তেলের বাড়তি দামের চাপ গণপরিবহনের ভাড়ায় শেষ পর্যন্ত কতটা পড়বে, তা নির্ভর করছে নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্তের ওপর।