• হোম > জাতীয় | দেশজুড়ে | রাজনীতি > জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৫
  • ১৬

---

ইবি রিপোর্ট

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের নামে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। এতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা।

এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। অর্থাৎ নতুন দামে প্রতিটি জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।

এর আগে সর্বশেষ বড় ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় চলতি বছরের এপ্রিলে। সে সময় ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জানিয়েছে, জ্বালানি তেলের নতুন দাম প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17814 ,   Print Date & Time: Monday, 21 September 2026, 12:29:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh