
ইবি রিপোর্ট
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের ওপর জোর দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যে শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং ব্যবসায়িক যোগাযোগ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
রোববার রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পাওয়ানকুমার তুলশিদাস বাধে বলেন, বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে বিটুবি টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে। টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তাঁর দপ্তর দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি খাতকে এফবিসিসিআইর নেতৃত্বে সহযোগিতার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণের বিষয়টিও উঠে আসে। ভারতীয় ডেপুটি হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের ক্ষেত্রে সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা দিচ্ছে।
এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক বলেন, দুই দেশের বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে যৌথ টাস্কফোর্স ফলপ্রসূ হতে পারে। পাশাপাশি সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।