
ইবি রিপোর্ট
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) চলতি মূলধনের অর্থায়ন সহজ করতে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় দেশের সব ফাইন্যান্স কোম্পানিকে যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকের পাশাপাশি ফাইন্যান্স কোম্পানিগুলোও এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করেছে। এতে বলা হয়েছে, ৮ জুন জারি করা এসএমইএসপিডি সার্কুলার নং-০৪-এর আওতায় বাংলাদেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানিকে পুনঃঅর্থায়ন গ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
তবে এ সুবিধা পেতে ফাইন্যান্স কোম্পানিগুলোকে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ১৭ মার্চ ২০২৫ জারি করা এসএমইএসপিডি সার্কুলার নং-০১-এর ১৪.৪.২ অনুচ্ছেদ এবং ১২ নভেম্বর ২০২৫-এর এসএমইএসপিডি সার্কুলার লেটার নং-০২-এর ২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা শর্ত পরিপালন করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৮ জুনের সার্কুলারে দেওয়া অন্যান্য নির্দেশনাও ফাইন্যান্স কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ শুধু পুনঃঅর্থায়নের সুযোগ দেওয়াই নয়, এ তহবিলের আওতায় বিদ্যমান সব শর্ত ও নির্দেশনা মেনেই অংশ নিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় দেওয়া ক্ষমতাবলে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলার লেটারে বলা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। এর ফলে এসএমই খাতে চলতি মূলধনের অর্থায়নে ফাইন্যান্স কোম্পানিগুলোর অংশগ্রহণের একটি নতুন সুযোগ তৈরি হলো।