• হোম > জলবায়ু ও পরিবেশ > ঢাকায় ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, চলবে আরও পাঁচ দিন

ঢাকায় ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, চলবে আরও পাঁচ দিন

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৫
  • ১৫

---

ইবি রিপোর্ট

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিনে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে রোববার সকালে ঢাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। কোথাও কোথাও সড়কে হাঁটুসমান পানি জমে যানবাহন চলাচলও ব্যাহত হয়।

রোববার ভোর ৪টার দিকে ঢাকায় বৃষ্টি শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। সকাল প্রায় সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ ও আগারগাঁও এলাকায় পানি জমে।

এ ছাড়া নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নট ডেম কলেজের আশপাশের সড়কেও জলাবদ্ধতা দেখা দেয়। কয়েকটি এলাকায় পানি জমে থাকায় যানবাহন চলাচল ধীর হয়ে যায়। অনেক পথচারীকে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়।

বৃষ্টির কারণে সকালের শিফটের কয়েকটি স্কুলের ক্লাস বাতিল করা হয়েছে। নগরীর বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকায় সকাল থেকেই ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৪৯ মিলিমিটার।

তিনি জানান, রোববার ও সোমবার ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। অর্থাৎ আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকলেও পরে তা কমে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ফলে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার বিষয়েও সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17755 ,   Print Date & Time: Monday, 21 September 2026, 11:53:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh