• হোম > চট্টগ্রাম | জাতীয় | দেশজুড়ে > অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮
  • ১০

---

ইবি রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে তুহিন নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এ ছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটকের তথ্য পাওয়া গেছে। তবে তাদের আটকের বিষয়টি এবং অপ্রতিমের মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17735 ,   Print Date & Time: Sunday, 20 September 2026, 10:07:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh