• হোম > দেশজুড়ে | রাজধানী > সকালেই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

সকালেই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭
  • ২৭

---

 

ইবি রিপোর্ট

সকাল থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকায় বৃষ্টি শুরু হয়। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পর নিউমার্কেট, মতিঝিল, আরামবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। এতে সকালে কর্মস্থলে বের হওয়া মানুষ ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

দীর্ঘ সময়ের গরমের পর বৃষ্টিতে নগরবাসীর একাংশ কিছুটা স্বস্তি পেলেও জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। নিউমার্কেট ও আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। মতিঝিল ও আরামবাগ এলাকার বিভিন্ন সড়কের অংশেও পানি জমে থাকায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।

রাজধানীর মিরপুরসহ আরও কয়েকটি নিচু এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে থাকায় অনেক পথচারীকে এক পাশ থেকে অন্য পাশে যেতে সমস্যায় পড়তে হয়েছে। সকালে সড়কে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম ছিল। পাশাপাশি চলাচলকারী গাড়িগুলো ধীরগতিতে চলায় কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

মিরপুরের কালশি এলাকায় বসবাসকারী চাকরিজীবী তাবিবুর রহমান বলেন, সকালে বাসা থেকে বের হয়ে তিনি সড়কে হাঁটুসমান পানি দেখতে পান। কয়েকটি রিকশা চলাচল করলেও ভাড়া দ্বিগুণ চাওয়া হচ্ছিল। ফলে বাধ্য হয়ে জমে থাকা পানি মাড়িয়েই তাকে অফিসে যেতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17713 ,   Print Date & Time: Sunday, 20 September 2026, 10:07:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh