• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার

সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০
  • ১২

---

ইবি রিপোর্ট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বর্ধিত বেতন ও বকেয়া অর্থ একবারে দেওয়া হবে না। তিন ধাপে এর বাস্তবায়ন হবে।

প্রথম ধাপে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ১ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা বেতনবৃদ্ধির পার্থক্যের ৪০ শতাংশ পাবেন। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দেওয়া হবে ৫০ শতাংশ। দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কর্মকর্তাদের ৭০ শতাংশ এবং কর্মচারীদের ৭৫ শতাংশ দেওয়া হবে। তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে ইনক্রিমেন্টসহ শতভাগ মূল বেতন ও সুবিধা কার্যকর হবে।

নতুন স্কেলে ১ম গ্রেডে মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। ৪র্থ থেকে ৯ম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন যথাক্রমে ১ লাখ, ৮৬ হাজার, ৭১ হাজার, ৫৮ হাজার, ৪৬ হাজার ও ৪৪ হাজার টাকা।

১০ম গ্রেডে মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা। ১২তম থেকে ২০তম গ্রেডে সর্বনিম্ন বেতন ২৪ হাজার ৩০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশেষ পদে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা।

নতুন কাঠামোয় গ্রেড ও কর্মস্থল অনুযায়ী বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডে ৬০ শতাংশ, ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ, ৫ম থেকে ৯ম গ্রেডে ৪৫ শতাংশ এবং ১ম থেকে ৪র্থ গ্রেডে ৪০ শতাংশ বাড়িভাড়া থাকবে। সরকারি বাসায় বসবাসকারীরা বাড়িভাড়া পাবেন না।

চিকিৎসা ভাতা বয়সভেদে ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষা সহায়ক ভাতা সন্তানপ্রতি ৫০০ টাকা, সর্বোচ্চ দুই সন্তানের জন্য ১ হাজার টাকা। সিটি করপোরেশন এলাকায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ৬০০ টাকা যাতায়াত ও ৫০০ টাকা টিফিন ভাতা পাবেন।

নতুন কাঠামোয় পেনশনভোগীদের জন্যও বিধান রাখা হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে বিদ্যমান নিট পেনশনের ভিত্তিতে নতুন নিট পেনশন নির্ধারণ হবে। সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত স্ল্যাব থাকবে। পেনশনের বর্ধিত অংশও তিন ধাপে কার্যকর হয়ে ২০২৭ সালের ১ জুলাই শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া পদোন্নতি ছাড়া একই পদে আট বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে নবম বছরে প্রথম উচ্চতর গ্রেড এবং পরবর্তী ছয় বছর চাকরি পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে। পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুইটি উচ্চতর গ্রেড পাওয়া যাবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, প্রতিরক্ষা সার্ভিসের সামরিক পদ, পুলিশ বাহিনী, বিজিবি, দৈনিক বা চুক্তিভিত্তিক কর্মী এবং আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মীরা এই বেতন কাঠামোর আওতায় থাকবেন না।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17697 ,   Print Date & Time: Saturday, 19 September 2026, 02:02:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh