• হোম > দেশজুড়ে > অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভি দেখে তুহিনকে আটক

অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভি দেখে তুহিনকে আটক

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৮
  • ১১

আটক তুহিন। ছবিঃ সংগৃহীত

 

ইবি রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন (১৮) নামে এক তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

পুলিশ জানায়, অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী সময়ে তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের স্বার্থে একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ মুহূর্তে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে।

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার বাবা ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তাকে উদ্ধারে তদন্ত শুরু করে।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ঘটনাটি জানতে পেরে সেখানে জড়ো হন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।

মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। আটক তুহিনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপ্রতিমের নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17688 ,   Print Date & Time: Saturday, 19 September 2026, 01:16:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh