• হোম > ইন্টাপ্রেনিউর | জাতীয় | বাণিজ্য > রাজধানীতে জমে উঠেছে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা

রাজধানীতে জমে উঠেছে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫
  • ১৩

---

ইবি রিপোর্ট

দেশীয় চামড়া শিল্পের পণ্য ও উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মেলা। বাংলার ঐতিহ্য, দেশীয় ক্ষুদ্র-কুটির শিল্প এবং উদ্যোক্তাদের সৃজনশীলতা তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ের বিসিক ভবনের নিচতলায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিসিক জানিয়েছে, দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাঁচ দিনব্যাপী মেলাটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে চামড়ার ব্যাগ, জুতা, মানিব্যাগ, বেল্টসহ বিভিন্ন ধরনের চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মেলায় আসছেন। এক ছাদের নিচে বিভিন্ন ধরনের চামড়া ও চামড়াজাত পণ্য দেখার সুযোগ থাকায় ক্রেতাদের আগ্রহও দেখা গেছে।

মেলায় চামড়ার ব্যাগ, বেল্ট ও জুতার প্রতি ক্রেতাদের চাহিদা বেশি দেখা গেছে। বিভিন্ন মডেল ও নকশার পণ্য ঘুরে দেখছেন দর্শনার্থীরা। কেউ পণ্য দেখছেন, আবার কেউ পছন্দের সামগ্রী কিনছেন।

মেলায় আসা বেসরকারি চাকরিজীবী সৌভিক বড়ুয়া বলেন, ‘ব্র্যান্ডের দোকানগুলোতে চামড়ার পণ্যের দাম অনেক বেশি। আবার অন্য দোকান থেকে আসল চামড়ার পণ্য কিনছি কি না, সেটি নিয়েও সন্দেহ থাকে। তাই বিসিকের এই মেলায় এসেছি। অনেক পণ্য দেখছি। বিশেষ করে নতুন মডেলের জুতা দেখছি। তুলনামূলকভাবে দাম কিছুটা বেশি হলেও মান ভালো হলে কিনব।’

অন্যদিকে অফিস শেষে সহকর্মীদের সঙ্গে মেলায় এসেছেন সরকারি চাকরিজীবী সালমা। নিজের পছন্দের চামড়ার ব্যাগ কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

সালমা বলেন, ‘আমরা চাকরিজীবী, তাই ব্যাগের প্রয়োজন বেশি। আর চামড়ার ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করা যায়। তাই মেলায় ব্যাগ কিনতে এসেছিলাম। পছন্দ ও দামে মিলে যাওয়ায় একটি ব্যাগ কিনেছি। মেলা ছাড়া এভাবে একসঙ্গে এত দোকান ও এত ধরনের পণ্য দেখার সুযোগ তেমন পাওয়া যায় না। তাই প্রথম দিনেই অফিসের সহকর্মীদের নিয়ে মেলায় এসেছি।’

বিসিকের এই আয়োজনে দেশীয় চামড়া ও চামড়াজাত পণ্যের পাশাপাশি উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা মেলায় দর্শনার্থীরা বিভিন্ন পণ্য দেখার পাশাপাশি পছন্দের সামগ্রী কেনার সুযোগ পাবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17686 ,   Print Date & Time: Saturday, 19 September 2026, 12:29:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh