• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪
  • ১৫

---

ইবি রিপোর্ট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতা কাঠামো বাস্তবায়নের পথ আরও এক ধাপ এগিয়েছে। নতুন কাঠামোর বিভিন্ন ধাপ ও সুবিধা নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে কার্যকরের কথা বলা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ হারে বেতন পাবেন।

গত ৩০ জুন যে মূল বেতন আহরিত বা প্রাপ্য ছিল, তার সঙ্গে নির্ধারিত বাড়তি অর্থ যোগ হবে। এই হিসাব অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হবে।

প্রজ্ঞাপনে পরবর্তী ধাপের বেতন কাঠামোও নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৭৫ শতাংশ হারে বেতন পাবেন।

এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামোয় বাড়তি বেতনের শতভাগ কার্যকর হবে। নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনও পাবেন।

এ ছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতনকাঠামোর আওতায় অন্যান্য সব ভাতা পাওয়ার সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একই কাঠামোর আওতায় পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর সব সুবিধা পাবেন।

নতুন বেতনকাঠামোয় বিভিন্ন গ্রেডে মূল বেতন বৃদ্ধির হারও নির্ধারণ করা হয়েছে। ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১১৫ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সঙ্গে আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য চলতি বছরের ২১ এপ্রিল একটি কমিটি গঠন করা হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে গঠিত ওই কমিটিতে সদস্য ছিলেন ১০ জন। পরে কমিটি নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে সুপারিশ চূড়ান্ত করে।

এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। সেই অনুমোদনের পর শনিবার নতুন কাঠামোর বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করল অর্থ বিভাগ।

অষ্টম বেতন কমিশন গঠনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো চালু করা হলো।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17682 ,   Print Date & Time: Saturday, 19 September 2026, 11:39:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh