• হোম > জাতীয় | বাংলাদেশ > গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২
  • ১৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবিঃ সংগৃহীত

 

ইবি রিপোর্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এসেছে। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ), জিআর (জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি আর্থিক প্রবাহও সঞ্চারিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি গ্রামীণ মানুষের জীবনযাত্রা ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে, অন্যদিকে প্রান্তিক মানুষের কাছে অর্থের প্রবাহও পৌঁছে যাচ্ছে।

তিনি বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনজীবনে বড় ধরনের পরিবর্তন আসবে।

আসাদুল হাবিব দুলু বলেন, শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির ব্যবহার, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন, খালে মাছ চাষ এবং খালের পাড়ে গাছ লাগানোর মাধ্যমে খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি জানান, আগামী ১৯ নভেম্বর ২০২৬ প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো অর্থ যাতে ফেরত না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) অংশ নেন। সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি এবং মাঠপর্যায়ের বাস্তবায়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17662 ,   Print Date & Time: Saturday, 19 September 2026, 10:39:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh