• হোম > বিনোদন > ‘একটি বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত হন’, আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে নতুন বার্তা

‘একটি বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত হন’, আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে নতুন বার্তা

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪
  • ১১

---

 

ইবি বিনোদন ডেস্ক

তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে ঘিরে নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন পরিচালক অ্যাটলি। তাঁর পরিচালনায় নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘রাকা’-র নতুন প্রচারণামূলক টিজার প্রকাশের পর থেকেই ছবিটির গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

নতুন প্রকাশিত টিজারে সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ কোনো অংশ সরাসরি দেখানো হয়নি। বরং রহস্য ধরে রেখে দর্শকদের জন্য দেওয়া হয়েছে একটি বার্তা। সেখানে বলা হয়েছে, ‘একটি বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত হন।’

এই বার্তার মাধ্যমে নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, প্রচলিত সীমার বাইরে গিয়ে বড় পরিসরে কিছু করার লক্ষ্য নিয়েই নির্মাণ করা হয়েছে ‘রাকা’। টিজারে গল্পের বিস্তারিত না থাকায় সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

এর আগে ‘রাকা’র প্রচারণায় ‘৩৭’ সংখ্যাটি ব্যবহার করেও রহস্য তৈরি করেছিলেন নির্মাতারা। এক দিনের ব্যবধানে প্রকাশিত একটি ভিডিওতে শুধু ওই সংখ্যাটিই দেখা গিয়েছিল। তবে সংখ্যাটির সঙ্গে সিনেমার গল্প কিংবা চরিত্রের সম্পর্ক কী, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ফলে ‘৩৭’ সংখ্যাটি কেন ব্যবহার করা হয়েছে, তা নিয়েও দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে।

ছবিটির চরিত্র নিয়েও ইতোমধ্যে বেশ কিছু তথ্য সামনে এসেছে। গুঞ্জন রয়েছে, ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুনকে চারটি ভিন্ন বয়স ও প্রজন্মের চরিত্রে দেখা যেতে পারে।

জল্পনা অনুযায়ী, এর একটি চরিত্রে তিনি দাদুর ভূমিকায়, অন্যটিতে বাবার চরিত্রে এবং বাকি দুটি চরিত্রে দুই ছেলের ভূমিকায় অভিনয় করতে পারেন। তবে এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

‘রাকা’র গল্প নিয়ে আরও একটি চমকপ্রদ তথ্য ঘুরছে। জল্পনা রয়েছে, সিনেমাটিতে দুটি সমান্তরাল মহাবিশ্বের কাহিনি দেখানো হতে পারে। তবে চার চরিত্রে আল্লু অর্জুনের অভিনয় কিংবা সমান্তরাল মহাবিশ্ব—কোনোটিই এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তাই সিনেমার গল্পে সত্যিই দুটি সমান্তরাল মহাবিশ্ব থাকবে কি না এবং আল্লু অর্জুনকে চারটি ভিন্ন প্রজন্মের চরিত্রে দেখা যাবে কি না, তা জানতে নির্মাতাদের পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অ্যাটলির পরিচালনায় নির্মিত এই সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। তারকাবহুল এই সিনেমাকে ঘিরে আগে থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

নতুন টিজারের রহস্যময় বার্তা সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন নির্মাতারা পরবর্তী প্রচারণায় ‘রাকা’র গল্প, চরিত্র এবং ‘৩৭’ সংখ্যার রহস্য সম্পর্কে কী তথ্য প্রকাশ করেন, সেদিকেই নজর দর্শকদের।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17623 ,   Print Date & Time: Saturday, 19 September 2026, 10:38:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh