• হোম > দেশজুড়ে > কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকার

কাঁঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকার

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩
  • ৮

---

ইবি রিপোর্ট

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৩ জন।

​শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ফিরোজ কসমেটিকসের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

​অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফিরোজের কসমেটিকসের দোকান, মন্টু ইলেকট্রনিক্স, লিটন মুন্সীর মুদির দোকান, সবুজ খানের কসমেটিকসের গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, লিটন মুদির দোকান, মতি মোল্লার মুদির দোকান, বিমলের মুদির দোকান ও বেকারি, আব্দুল কাদেরের টিভি সার্ভিসিং সেন্টার এবং আরো দুটি গুদামঘর।

​কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ অনুসন্ধানের পর জানা যাবে।

​অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান এবং নতুন ঘর তোলার জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17611 ,   Print Date & Time: Friday, 18 September 2026, 04:01:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh