• হোম > জলবায়ু ও পরিবেশ > বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৪
  • ১০

---

ইবি রিপোর্ট

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যা শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্যার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। 

পরবর্তীতে এই নিম্নচাপটি আরও তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে বাংলাদেশের দেওয়া নির্ধারিত নাম অনুযায়ী এর নামকরণ করা হবে ‘অর্ণব’।

আমেরিকার আবহাওয়া মডেল জিএফএস এই ঘূর্ণাবর্তটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা বললেও, ভারতের আবহাওয়া দপ্তর আপাতত শুধু নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা নিশ্চিত করেছে।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে এই ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও বৃষ্টির প্রভাব পড়তে পারে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর ও সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে ইতোমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17593 ,   Print Date & Time: Friday, 18 September 2026, 05:08:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh