
ইবি রিপোর্ট
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে সম্পন্ন হওয়া পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে কোনো পেমেন্ট সম্পন্ন হলে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে অর্থ তাৎক্ষণিকভাবে জমা দিতে হবে। একই তারিখ থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা সার্কুলারে দেওয়া নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখতে হবে।
এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ তারিখের সার্কুলারে নির্ধারিত লোগো অনুযায়ী আইকন প্রদর্শন করতে হবে। ফলে গ্রাহকেরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের সুবিধাটি সহজে শনাক্ত করতে পারবেন।
এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে আরও একটি সুবিধা চালু করতে বলা হয়েছে। ওই সময়সীমার মধ্যে কিউআর কোড স্ক্যান করার পাশাপাশি বাংলা কিউআর ইমেজ আপলোড করেও পেমেন্ট সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে।
একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনাগুলো নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসওকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।