
ইবি আন্তর্জাতিক ডেস্ক
উন্নয়নশীল দেশগুলোতে কর্মসংস্থান সৃষ্টির গতি বাড়াতে বেসরকারি খাতে অর্থের জোগান বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। এ লক্ষ্যে সংস্থাটি বেসরকারি পুঁজি সংগ্রহে রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বব্যাংক গ্রুপের সংগৃহীত বেসরকারি পুঁজির পরিমাণ দাঁড়িয়েছে ১১২ বিলিয়ন ডলার।
ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের সদর দপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৬ অর্থবছরে সংস্থাটি আগের যেকোনো বছরের তুলনায় বেশি বেসরকারি পুঁজি সংগ্রহ এবং রেকর্ড পরিমাণ গ্যারান্টি দিয়েছে। এর ফলে উন্নয়নশীল অর্থনীতিতে বিশ্বব্যাংক গ্রুপের নিজস্ব অর্থায়ন ও দক্ষতার পাশাপাশি বেসরকারি পুঁজিও কাজে লাগানোর সুযোগ বাড়বে।
বিশ্বব্যাংক গ্রুপের কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি তিনটি। এগুলো হলো মানব ও ভৌত অবকাঠামোয় বিনিয়োগ, ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতের সম্প্রসারণে সহায়তা দেওয়া। এসব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি বিনিয়োগকে আরও সক্রিয় করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত চার বছরে বিশ্বব্যাংক গ্রুপের সংগৃহীত বেসরকারি মূলধন তিন গুণের বেশি বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৫ বিলিয়ন ডলার, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ১১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গ্রুপটির নিজস্ব অর্থায়নসহ ওই অর্থবছরে উন্নয়নশীল অর্থনীতিগুলোতে মোট অর্থায়ন ও সংগৃহীত অর্থ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এই প্রবৃদ্ধির অংশ হিসেবে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতেও বেসরকারি পুঁজির বরাদ্দ বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে যেখানে এ ধরনের দেশে ১৪ বিলিয়ন ডলার বরাদ্দ ছিল, ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে উন্নয়নশীল দেশগুলোতে অর্থায়নের পরিসর আরও বিস্তৃত হচ্ছে।