• হোম > জাতীয় | দেশজুড়ে > রাত ৮টার পর দোকান খোলার সুযোগ চান মালিকেরা

রাত ৮টার পর দোকান খোলার সুযোগ চান মালিকেরা

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪
  • ১১

---

ইবি রিপোর্ট 

বিদ্যুৎ সংকটের কারণে রাত আটটায় দোকান বন্ধ রাখার বাধ্যবাধকতা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

তবে এর সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে নিজস্ব সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের শর্ত রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বিপণিবিতানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ২ শতাংশ সুদে বিশেষ ঋণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য দেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

সমিতির নেতারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকেই লোডশেডিং শুরু হওয়ায় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। রাত আটটায় দোকান বন্ধের সিদ্ধান্তে বেচাকেনাও কমেছে বলে দাবি তাঁদের।

এই পরিস্থিতিতে দেশের মার্কেট ও বড় বিপণিবিতানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সরকারের সহযোগিতা চেয়েছে সমিতি। ইডকল বা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ সাত বছর মেয়াদে ২ শতাংশ সুদে কিস্তিভিত্তিক ঋণ দেওয়ার প্রস্তাব করেছে তারা। পাশাপাশি প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআই ও ইডকলের অনুমোদন এবং নিয়মিত তদারকির দাবি জানানো হয়েছে।

সংগঠনটি আরও চায়, সৌরবিদ্যুৎ স্থাপনের পর লাইসেন্স ফি ও সার্ভিস চার্জ থেকে অব্যাহতি এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ সহজ করা হোক। স্থাপন কার্যক্রম দ্রুত শেষ করতে বিদ্যুৎ বিভাগ ও দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগের কথাও বলা হয়েছে।

হেলাল উদ্দিনের ভাষ্য, কম সুদে পাঁচ বা সাত বছরের ঋণ পাওয়া গেলে দেশের বিপণিবিতানগুলো থেকে দুই হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে। তাঁর মতে, এতে বিদ্যুৎ সংকটের পাশাপাশি ব্যবসায়ীদের ওপর চাপও কমবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17563 ,   Print Date & Time: Thursday, 17 September 2026, 03:07:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh