
ইবি রিপোর্ট
ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। একই দিন থেকে এ বিষয়ে ২০২৫ সালের ২৪ নভেম্বর জারি করা আগের নির্দেশনাও বাতিল হবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট-১ থেকে গতকাল এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, পেমেন্ট সেবা প্রদানকারী ও পেমেন্ট সিস্টেম অপারেটরকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট সেবা প্রদানকারীদের মোবাইল অ্যাপের প্রধান পাতায় নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখতে হবে। এর মাধ্যমে গ্রাহকের জন্য বাংলা কিউআর ব্যবহার করে লেনদেনের পথ সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট সম্পন্ন করার ব্যবস্থা চালু করতে হবে। একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং মার্চেন্টদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় নির্দেশনাগুলো জারি করা হয়েছে।