• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > সর্বজনীন পেনশনে ৫ বছর পর টাকা তোলার প্রস্তাব

সর্বজনীন পেনশনে ৫ বছর পর টাকা তোলার প্রস্তাব

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৯
  • ১১

---

ইবি রিপোর্ট

সর্বজনীন পেনশন কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়াতে একাধিক পরিবর্তনের প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে পাঁচ বছর চাঁদা দেওয়ার পর বিশেষ পরিস্থিতিতে টাকা তোলার সুযোগ, পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়া এবং ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকে পেনশন চালুর প্রস্তাব।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। এটি কর্তৃপক্ষের চতুর্থ পরিচালনা পর্ষদের সভা। বৈঠকের জন্য মোট ১১টি আলোচ্যসূচি রাখা হয়েছে। যেসব প্রস্তাব পর্ষদ অনুমোদন করবে, সেগুলো পরবর্তী সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস—এই চারটি স্কিম চালু রয়েছে। কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ ও প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট কর্মসূচিটি চালু করা হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চারটি স্কিমে এখন পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। তাঁদের জমা করা অর্থের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সমতা স্কিমে ২ লাখ ৮৭ হাজার ২২৪ জন যুক্ত হয়েছেন। এ স্কিমে জমা হয়েছে ৫৬ কোটি ৮৫ কোটি টাকা।

প্রবাসীদের জন্য চালু করা প্রবাস স্কিমে অংশগ্রহণ তুলনামূলক কম। এখন পর্যন্ত এতে ১ হাজার ১৭১ জন নিবন্ধিত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ৯৭ জন। এই স্কিমে মোট জমা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা।

পাঁচ বছর পর টাকা তোলার সুযোগ

বর্তমান ব্যবস্থায় কোনো স্কিমে যুক্ত হওয়ার পর তা থেকে বের হওয়ার সুযোগ নেই। কোনো গ্রাহক নিয়মিত চাঁদা চালিয়ে যেতে না পারলে জমা অর্থ নিয়ে জটিলতা তৈরি হয়। তাই নতুন প্রস্তাবে পাঁচ বছর অর্থ জমা দেওয়ার পর শারীরিক বা আর্থিকভাবে অক্ষম হয়ে পড়লে বিশেষ বিবেচনায় টাকা তোলার সুযোগ রাখার কথা বলা হয়েছে।

নমিনির জন্য আজীবন পেনশন

পেনশনভোগী মারা গেলে তাঁর মনোনীত স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাবও রয়েছে। বর্তমান নিয়মে চাঁদাদাতা মৃত্যুর আগ পর্যন্ত পেনশন পান। তিনি মারা গেলে পরিবারের সদস্যদের জন্য পেনশন চালু থাকে না। তবে ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে চাঁদাদাতার মৃত্যু হলে নমিনি ৭৫ বছর পর্যন্ত বাকি সময়ের জন্য পেনশন পাওয়ার সুযোগ পান।

৫৫ বছর বয়সে পেনশন শুরুর প্রস্তাব

পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাবও আলোচনায় থাকছে। বর্তমান নিয়ম অনুযায়ী ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

এর আগে গত বছরের মে মাসে অনুষ্ঠিত কর্তৃপক্ষের দ্বিতীয় পরিচালনা পর্ষদের বৈঠকে ৬০ বছর বয়স পূর্ণ হলে চাঁদাদাতাদের জমা অর্থের ৩০ শতাংশ এককালীন উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ইসলামি স্কিম ও স্বাস্থ্যবিমার প্রস্তাব

সর্বজনীন পেনশন ব্যবস্থায় ইসলামি সংস্করণ চালুর বিষয়েও আলোচনা হবে। সুদভিত্তিক ব্যবস্থায় অংশ নিতে আগ্রহী নন—এমন ব্যক্তিদের কথা বিবেচনা করে এই প্রস্তাব আনা হচ্ছে।

এ ছাড়া গ্রাহকদের স্বাস্থ্যবিমার আওতায় আনার প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে মাসে ১০ থেকে ২০ টাকা প্রিমিয়াম নিয়ে বিমা সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

নিবন্ধনকারী প্রতিষ্ঠানের কমিশন বাড়ানোর প্রস্তাব

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহক নিবন্ধনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক, ডাক বিভাগ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানসহ অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান এই কমিশন পাবে।

মূল্যস্ফীতি মোকাবিলায় তহবিল

দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি এবং মুনাফার হারের পরিবর্তন থেকে তৈরি ঝুঁকি মোকাবিলায় রিজার্ভ বা কনটিনজেন্সি তহবিল গঠনের প্রস্তাবও রয়েছে। পেনশন তহবিলের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান বলেন, প্রস্তাবগুলো পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হবে। পর্ষদ যেসব প্রস্তাব অনুমোদন করবে, সেগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের জন্য ইউপেনশন ওয়েবসাইটে আবেদন করতে হয়। আবেদনকারীকে প্রথমে নির্ধারিত প্রত্যয়ন দিতে হয়। এরপর প্রবাস, সমতা, সুরক্ষা ও প্রগতি—এই চার স্কিমের মধ্যে একটি বেছে নিয়ে এনআইডি নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেইল দিতে হয়। ক্যাপচা পূরণের পর মোবাইল নম্বর ও ই-মেইলে পাঠানো ওটিপি দিয়ে পরবর্তী ধাপে নিবন্ধন সম্পন্ন করা যায়। সরকারি জাতীয় তথ্য বাতায়নেও সর্বজনীন পেনশন স্কিমের হটলাইন হিসেবে ১৬১১১ নম্বর দেওয়া রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17514 ,   Print Date & Time: Thursday, 17 September 2026, 10:02:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh