
ইবি রিপোর্ট
সাধারণ মানুষের কাছে স্মার্টফোন আরও সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষা, সরকারি চাকরি ও প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এর কার্যকর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
সরকারি চাকরিজীবীদের বিষয়ে মাহদী আমিন জানান, সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা জানান তিনি। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মাহদী আমিন।
এ ছাড়া এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়নের কথাও তুলে ধরেন তিনি।
শিক্ষকদের জন্যও একটি উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, ওই আন্দোলনে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রবাসী আয় নিয়েও সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরা হয়। মাহদী আমিন জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর পরিমাণ প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সম্পূর্ণ বিনা মূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠানোর কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রযুক্তি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সাশ্রয়ী স্মার্টফোনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রযুক্তি আরও সহজলভ্য করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।