• হোম > জাতীয় | বাংলাদেশ > অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫
  • ৯

---

 

ইবি রিপোর্ট

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। বর্তমানে অনেক অপরাধ প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল রূপ নিয়েছে। ফলে অপরাধ দমনে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করাও জরুরি।

তিনি বলেন, অপরাধকে শুধু বাহ্যিক উপসর্গ হিসেবে দেখলে হবে না; এর পেছনের মূল কারণ খুঁজে বের করতে হবে। বিভিন্ন অপরাধের পেছনে মাদক ও জুয়াকে অন্যতম চালিকাশক্তি হিসেবে দেখা যায় বলেও উল্লেখ করেন তিনি।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক আহত বা ক্ষতিগ্রস্ত হলে তাদের সহায়তার বিষয়টি সিএসআর ফান্ড বা অন্য কোনো মাধ্যমে বিবেচনা করা হবে।

এ ছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়ার বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইন আধুনিকায়ন করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ জানান, ১৮৬৭ সালের গ্যাম্বলিং অ্যাক্ট পরিবর্তন করে অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। একইভাবে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে অপরাধের ধরন ও পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এ কারণে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সময়োপযোগী আইন ও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে এসব বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

পরে কেক কেটে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17461 ,   Print Date & Time: Wednesday, 16 September 2026, 12:57:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh