
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬। নিউইয়র্কের বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে (বিএমসিসি) দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও পেশাজীবীরা অংশ নেবেন।
সকাল সাড়ে ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পরে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম ২০২৬’। বিকেল ৩টায় আয়োজন করা হবে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’।
বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এতে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এলএলসি ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস। এবারের আয়োজনের প্রতিপাদ্য—‘কানেকটিং গ্লোবাল মার্কেটস, ক্রিয়েটিং অপরচুনিটিজ ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টস’।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়ীদের প্রবেশের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ২০১৬ সালে ট্রেড ফেয়ারটির যাত্রা শুরু হয়। পরে ২০২২ সালে এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রূপ নেয়। এরপর থেকে বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ তৈরিতে গুরুত্ব দিয়ে আসছে আয়োজনটি।
গত কয়েক বছরে মেলাটি শুধু পণ্য প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) ও ব্যবসায়ী-সরকার (বিটুজি) সংযোগ, বিনিয়োগ আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং আর্থিক সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবেও এটি গড়ে উঠেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ববর্তী আয়োজনগুলোতে ১৫০টির বেশি কোম্পানি, ৫৪ জন বিশিষ্ট বক্তা ও অতিথি এবং প্রায় ১ হাজার ৮০০ দর্শনার্থী অংশ নিয়েছিলেন।
এবারের আয়োজনে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানো এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বৈধ ও আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসীদের অর্থ বাংলাদেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগে যুক্ত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে ছয়জন বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হবে। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, অর্থনীতি, পেশাগত উৎকর্ষতা ও কমিউনিটি উন্নয়নে অবদানের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হবে।
আয়োজকেরা বলছেন, মেলাটি একটি ব্যবসাকেন্দ্রিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো এবং বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নের নতুন সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এবারের আয়োজনটি গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের ২৫তম বার্ষিক বিজনেস এক্সপোর সঙ্গেও যুক্ত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত এই আয়োজনের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরির পথও উন্মুক্ত হবে।