
ইবি রিপোর্ট
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার।
গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট থাকা প্রয়োজন।
এতে আরও বলা হয়, বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করাও সমানভাবে জরুরি।
সরকারের গেজেট অনুযায়ী, এসব বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠন করা হয়েছে।
নতুন এই ইউনিট পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সহায়তা করবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন ইউনিটকে আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে পরিচালনার উদ্দেশ্যেই এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে বিশেষায়িত ইউনিটের ক্ষমতা ও কার্যক্রমে স্বচ্ছতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর ফলে র্যাবের পরিবর্তে পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য আইনগত কাঠামো তৈরি হলো।