
ইবি রিপোর্ট
তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে জামানত ছাড়াই ‘ই-লোন’ সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণসুবিধা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
সাংবাদিক সম্মেলনে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং আগামীতে তা আরও বাড়ানো হবে। বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশের মূল্যস্ফীতির হারও সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি বলেন, দেশের শিল্পায়নকে আরও গতিশীল করতে একটি রূপরেখা বা মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে শিল্প খাতের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাত্র সাত মাসের মধ্যে দেশের সব সমস্যার সমাধান করা দুরূহ—এমন মন্তব্য করে মাহ্দী আমিন বলেন, সরকার সমস্যাগুলো সমাধানে চেষ্টা করে যাচ্ছে। একই সঙ্গে সবাইকে একসঙ্গে কাজ করে একটি মানবিক দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিগত সরকার যে ভঙ্গুর অবস্থায় দেশকে রেখে গেছে, সেখান থেকে উত্তরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, সরকারকে শুধু সমালোচনা করলে চলবে না; বরং সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একই সঙ্গে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।
আতিকুর রহমান রুমন ‘ক্লিন বাংলাদেশ’ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান।
একই সাংবাদিক সম্মেলনে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বর্তমান সরকারের ২১২ দিন অতিবাহিত হয়েছে। এরই মধ্যে সরকারের অনেক কাজের সুফল জনগণ পেতে শুরু করেছেন। তবে কিছু উদ্যোগের ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে সালেহ শিবলী বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তৈরি হওয়া অস্বস্তি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দ্রুতই এসব উদ্যোগের ভালো ফলাফল দেখা যাবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং নানা জটিলতার মধ্যেও জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এটি শুধু ক্ষমতা ভোগের বিষয় নয়, বরং একটি বড় দায়িত্ব।
আগামী তিন মাস কঠিন সময় পার করতে হতে পারে উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রেস সচিব। একই সঙ্গে কেবল রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে রাষ্ট্র গঠনের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও তাগিদ দেন সালেহ শিবলী।