• হোম > অর্থনীতি > আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭
  • ১১

---

 

ইবি রিপোর্ট

কয়েক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে শুক্রবার সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর এক দিনের ব্যবধানেই আবার স্বর্ণের দাম বাড়ানো হলো।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নির্ধারিত মূল্যের পাশাপাশি স্বর্ণের অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে।

স্বর্ণের পাশাপাশি রুপার অলংকারের দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনা বিক্রি হবে ৩ হাজার ৯১ টাকায়।

ফলে বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা এবং ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ১৬ টাকা নির্ধারিত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17439 ,   Print Date & Time: Wednesday, 16 September 2026, 09:32:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh