• হোম > অর্থনীতি > টানা ১৭তমবার বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক এইচএসবিসি

টানা ১৭তমবার বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক এইচএসবিসি

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১
  • ৮

---

 

ইবি রিপোর্ট

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ ইউরোমানির জরিপে টানা ১৭তম বারের মতো বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে। সাড়ে সাত হাজারের বেশি গ্রাহকের ভোটের ভিত্তিতে এইচএসবিসি বিশ্বব্যাপী এবং এশিয়াতেও সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এইচএসবিসি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউরোমানি লন্ডনভিত্তিক একটি স্বনামধন্য অর্থনৈতিক সাময়িকী। তাদের এ জরিপকে বিশ্বের বৃহত্তম ট্রেজারি জরিপ হিসেবে পরিচিত করা হয়। গ্রাহকদের ভোটের ভিত্তিতে পাওয়া এ স্বীকৃতি ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদ ব্যবস্থাপনায় এইচএসবিসির ধারাবাহিক সক্ষমতার প্রতিফলন বলে জানিয়েছে ব্যাংকটি।

এইচএসবিসি বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ ব্যবস্থাপনায় ধারাবাহিক সক্ষমতা, প্রযুক্তিনির্ভর সেবা, বৈশ্বিক সংযোগ এবং গ্রাহকদের আস্থার কারণে ব্যাংকটি এ স্বীকৃতি পেয়েছে।

এসব সক্ষমতার মাধ্যমে এইচএসবিসি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও নির্বিঘ্নে অর্থ সংগ্রহ ও পরিশোধ পরিচালনা, নগদ অর্থপ্রবাহ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা এবং বিভিন্ন বাজারে আরও কার্যকরভাবে তারল্য ব্যবস্থাপনায় সহায়তা করে আসছে।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, টানা ১৭তম বছরের মতো ক্যাশ ম্যানেজমেন্টে শীর্ষস্থান অর্জন করা তাদের জন্য গর্বের একটি মাইলফলক।

তিনি বলেন, পণ্য, প্রযুক্তি এবং গ্রাহকসেবার প্রতিটি ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন প্রতিদিনই তাদের সেবার মান আরও উন্নত করতে অনুপ্রাণিত করে।

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সার্ভিসেসের প্রধান নেওয়াজ মুশাররাফ বলেন, বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে নির্বাচিত হওয়া তাদের জন্য অত্যন্ত সম্মানের।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোমানির এ স্বীকৃতি বাংলাদেশের গ্রাহকদের জন্য প্রযুক্তিনির্ভর ও কার্যকর নগদ ব্যবস্থাপনা সেবা প্রদানে এইচএসবিসির দীর্ঘদিনের প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে বৈশ্বিক নেটওয়ার্ক ও স্থানীয় সক্ষমতার সমন্বয়ের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক কার্যক্রম আরও সহজ ও দক্ষ করতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17425 ,   Print Date & Time: Wednesday, 16 September 2026, 09:35:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh