
ইবি রিপোর্ট
অনলাইনভিত্তিক তৈরি পোশাক বিপণনকারী প্রতিষ্ঠান ‘জে-ক্রিয়েশন’-এর প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ফাঁকি শনাক্ত করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর সেকশন-১২ এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক ঝটিকা অভিযান চালিয়ে এই ফাঁকি উদ্ঘাটন করা হয়।
ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও নানা ধরনের তৈরি পোশাক বিক্রির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনার সময় রাজস্ব ফাঁকির সুস্পষ্ট আলামত পাওয়া যায়। অধিকতর তদন্তের স্বার্থে মূসক-১২.৩ ফরমের মাধ্যমে প্রতিষ্ঠানের কম্পিউটার সিপিইউ এবং বিক্রয়সংক্রান্ত যাবতীয় গোপন নথিপত্র ও হিসাবের খাতা জব্দ করে যৌথ দল। পরবর্তীতে উদ্ধারকৃত ডিজিটাল ডাটা ও বাণিজ্যিক হিসাব পর্যালোচনা করে প্রাথমিকভাবে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা যাবতীয় দলিলপত্র ও আর্থিক হিসাবের আরও পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষা চালানো হচ্ছে। বড় অঙ্কের এই রাজস্ব ফাঁকির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়েরসহ যাবতীয় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।