
ইবি রিপোর্ট
আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং নির্বাচন ও ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত অংশীজনদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ওই বৈঠক থেকে কমিশন প্রয়োজনীয় ইনপুট বা মতামত পাবে। সেই ইনপুটের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।
আখতার আহমেদ বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজন যারা নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাদের সঙ্গে ১৭ সেপ্টেম্বরের বৈঠকে আলোচনা করা হবে।
বৈঠকে পাওয়া তথ্য ও মতামত পর্যালোচনা করে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে।
তিনি আরও বলেন, ওইদিন বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানানো হবে। প্রয়োজনীয় ইনপুট পাওয়ার পর কমিশনই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে।
স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখেও প্রস্তুতি সভাটি আয়োজন করা হচ্ছে।
আগামী বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরাও সভায় অংশ নেবেন।
নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রস্তুতি, প্রয়োজনীয় সমন্বয় এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য নেওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেবে কমিশন।
ফলে ১৭ সেপ্টেম্বরের বৈঠককে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে।