
ইবি রিপোর্ট
ওমানভিত্তিক স্টার ড্রোনস (মডার্ন স্টার বিজনেসেস এলএলসি) প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেশটির ফুড ডেলিভারি অ্যাপ ‘বিস’-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহের পরিকল্পনা করেছে। এ লক্ষ্যে বাংলাদেশের পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যজুড়ে ইলেকট্রিক বাইকের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনাও রয়েছে দুই প্রতিষ্ঠানের।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ঢাকার নভো থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়। এ সময় ওমানি প্রতিনিধি দল মেলায় প্রদর্শিত বাংলাদেশি পণ্যের মান ও উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই পক্ষ ইলেকট্রিক যান (ইভি) প্রযুক্তি বিনিময় করবে। পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
স্টার ড্রোনস বাংলাদেশের ইভি বাইককে তাদের ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে আধুনিক ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও করছে। এর মাধ্যমে স্থল ও ড্রোনভিত্তিক ডেলিভারি প্রযুক্তির সমন্বিত ব্যবস্থাপনা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া চুক্তিতে বড় আকারের স্থানীয় বিনিয়োগের জন্য ওমানি মূলধন এবং ড্রোন প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসার সুযোগও রাখা হয়েছে। ফলে সমঝোতাটি শুধু ইলেকট্রিক বাইক সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রেও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
পিটন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং মডার্ন স্টার বিজনেসেস এলএলসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদ আব্দুল গফুর সাইফ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, এই চুক্তি একাডেমিয়া, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের একত্রিত করতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের প্রচেষ্টার একটি বাস্তব ফলাফল।
স্টার ড্রোনসের একজন প্রতিনিধি বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশি পণ্যের মান এবং স্থানীয় উদ্ভাবনে অভিভূত। তার মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যজুড়ে বাংলাদেশি প্রযুক্তির বিস্তার এবং বাংলাদেশে ওমানি বিনিয়োগ উৎসাহিত করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
দুই প্রতিষ্ঠানের এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের তৈরি ইলেকট্রিক যান প্রযুক্তি ওমানের বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে ওমানি মূলধন ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশে আসার সুযোগ তৈরি হওয়ায় দুই দেশের প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতাও আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।